chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশি ওয়াশিংমেশিন ও ওভেনের দাম কমছে, আমদানিতে খরচ বাড়বে

দেশীয় উৎপাদন খাতের সুরক্ষায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয় প্রযুক্তি পণ্যের জন্য বড় সুখবর এসেছে। দেশে উৎপাদিত ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন এবং মাইক্রোওয়েভ ওভেনের দাম কমতে পারে। অন্যদিকে, বিদেশ থেকে আমদানি করা ওয়াশিং মেশিনের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানেই এই শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়।

বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী জানান, দেশে ওয়াশিং মেশিন ও ওভেন তৈরি শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল হলো ফ্লোট গ্লাস। স্থানীয় শিল্পের প্রসারে এই ফ্লোট গ্লাস আমদানির ওপর থাকা বর্তমান ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এর ফলে স্থানীয় পর্যায়ে এসব পণ্যের উৎপাদন খরচ কমবে এবং ক্রেতারা কম দামে দেশি ওভেন ও ওয়াশিং মেশিন কিনতে পারবেন।

দেশি পণ্যের বাজার সুরক্ষায় (প্রতিরক্ষণ নিশ্চিতকরণে) বিদেশ থেকে আমদানি করা সব ধরনের গৃহস্থালি ওয়াশিং মেশিনের ওপর নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এর ফলে বিদেশি ব্র্যান্ডের আমদানিকৃত ওয়াশিং মেশিনের দাম বাজারে বেশ কিছুটা বেড়ে যাবে।

এক নজরে মূল পরিবর্তন

কাঁচামাল (ফ্লোট গ্লাস) আমদানিতে ৪৫% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার। আমদানি করা ওয়াশিং মেশিনে নতুন করে ২০% সম্পূরক শুল্ক আরোপ।

সরকারের এই পদক্ষেপের ফলে দেশের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং খাত আরও শক্তিশালী হবে এবং ভোক্তারা দেশি পণ্য কেনায় আরও বেশি উৎসাহিত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর