chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাজেটের দিন শেয়ারবাজারে মিশ্র প্রবণতা, বাড়লো লেনদেন

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাবের দিনে দেশের শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে।

আজ বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও প্রধান সূচক বেড়েছে। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও সার্বিক সূচক কিছুটা কমেছে। তবে ইতিবাচক বিষয় হলো, দুই বাজারেই আজ লেনদেনের পরিমাণ গত কার্যদিবসের চেয়ে বেড়েছে।

আজ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক বাজেট পেশের দিনে সকালে ডিএসইতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম আড়াই ঘণ্টা এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকলেও, শেষদিকে এক শ্রেণির বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপের কারণে দাম কমার তালিকাটি বড় হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সামগ্রিক চিত্র ছিল নিম্নরূপ: দাম বেড়েছে, ১৫৭টি প্রতিষ্ঠানের। দাম কমেছে ১৮৯টির। অপরিবর্তিত ৪৫টির।

এ-ক্যাটাগরি (ভালো কোম্পানি) ৭৭টির দাম বেড়েছে, ১০৩টির কমেছে এবং ১৭টির অপরিবর্তিত। বি-ক্যাটাগরি (মাঝারি কোম্পানি) ৩২টির দাম বেড়েছে, ৩৬টির কমেছে এবং ৭টির অপরিবর্তিত। জেড-ক্যাটাগরি (দুর্বল কোম্পানি) ৪৯টির দাম বেড়েছে, ৫০টির কমেছে এবং ২০টির অপরিবর্তিত। মিউচুয়াল ফান্ড ৭টির দাম বেড়েছে, ১৫টির কমেছে এবং ১২টির অপরিবর্তিত।

সূচকের ওঠানামা

বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৫,৫২০ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক (ডিএসইএস) ০.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১১৪ পয়েন্টে। তবে ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২,০৭২ পয়েন্টে নেমে এসেছে।

ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১,২৩৮ কোটি ৬৬ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ১,২১০ কোটি ৫ লাখ টাকা। অর্থাৎ, আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ২৮ কোটি ৬১ লাখ টাকা।

শীর্ষ লেনদেনকারী ৩ কোম্পানি মধ্যে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট (৪০.২২ কোটি টাকা)। আইপিডিসি ফাইন্যান্স (৩৯.২৬ কোটি টাকা) ও পিপলস ইন্স্যুরেন্স (২৫.৪২ কোটি টাকা)

এছাড়াও শীর্ষ ১০-এর তালিকায় ছিল— বিডি থাইফুড, এনসিসি ব্যাংক, লাভেলো আইসক্রিম, আনোয়ার গ্যালভানাইজিং, প্রভাতী ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চিত্র

সিএসইতে আজ ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টির দাম বেড়েছে, ৯৯টির কমেছে এবং ২৪টির দাম অপরিবর্তিত ছিল। তবে বাজারটির সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমেছে। সিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ৩৩ লাখ টাকা, যা আগের দিনের (২৪ কোটি ৩৩ লাখ টাকা) চেয়ে ১০ কোটি টাকা বেশি।

মুন্নি/চখ