chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাজেটে সুখবর

কমতে পারে চিনির দাম, কমছে আরও ৬০ পণ্যের কর

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সাধারণ ভোক্তাদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে আসছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে পেশ হতে যাওয়া নতুন বাজেটে চিনির ওপর বিদ্যমান ১ শতাংশ উৎসে কর কমিয়ে ০ দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম উল্লেখযোগ্য হারে কমতে পারে বলে আশা করা হচ্ছে।

শুধু চিনিই নয়, তীব্র মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে চাল, ধান, গম ও ভোজ্যতেলসহ প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর কমিয়ে ০ দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে বাজেটে।

চলতি বছরের শুরু থেকে চিনির বাজার বেশ স্থিতিশীল থাকলেও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সংকট ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে বাজার কিছুটা অস্থির হয়ে উঠেছে।

বর্তমানে বাজারে খোলা ও মোড়কজাত উভয় ধরনের চিনি প্রতি কেজি ১১০ টাকায় বিক্রি হচ্ছে। এক থেকে দেড় বছর আগেও দেশের খুচরা বাজারে প্রতি কেজি চিনির দাম ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। তবে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর চিনির দাম ধারাবাহিকভাবে কমতে শুরু করে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চিনি আমদানিসহ বিভিন্ন পর্যায়ে করছাড় দিলেও এবং আন্তর্জাতিক বাজারে চিনির দাম কমলেও দেশের বাজারে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। বৈশ্বিক সংঘাত ও জ্বালানি সংকটকে কারণ দেখিয়ে আমদানিকারক ও পাইকারি পর্যায়ে কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে, যার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ খুচরা ক্রেতারা।

দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে প্রতি মণ (৩৭.৩২ কেজি) চিনির দাম ছিল ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৪২০ টাকা। দীর্ঘ দুই বছর পর এটি ছিল চিনির সর্বনিম্ন দাম, যার প্রভাব খুচরা বাজারেও পড়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা (যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান) শুরু হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ে। এরই ধারাবাহিকতায় দেশের বাজারেও জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে পাইকারি বাজারে প্রতি মণ চিনির দাম ২০০ থেকে ২০৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার মধ্যেও সরকার যদি বাজেটে উৎসে কর অর্ধেক করে দেয়, তবে আমদানিকারকরা দাম কমাতে বাধ্য হবেন এবং খুচরা বাজারে চিনির দাম আবারও সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর