chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইসির নতুন নীতিমালা

নির্বাচনি দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা

নির্বাচন ও ভোটার তালিকা তৈরির কাজে নিয়োজিত কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালনকালে মারা গেলে তাঁর পরিবার ১০ লাখ টাকা আর্থিক অনুদান পাবে। নির্বাচন কমিশনের (ইসি) নতুন এক নীতিমালায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ইসির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসির উপ-সচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত ওই নীতিমালায় বলা হয়েছে, দায়িত্ব পালনকালে দুর্ঘটনা বা হামলায় কেউ প্রাণ হারালে তাঁর পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া গুরুতর আহত বা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণকারীদের জন্য ৪ লাখ টাকা, সাময়িকভাবে অক্ষমদের জন্য ২ লাখ টাকা এবং সাধারণ আহতদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদানের বিধান রাখা হয়েছে।

অন্যদিকে, দায়িত্ব পালন অবস্থায় কেউ আকস্মিকভাবে গুরুতর অসুস্থ হয়ে মারা গেলে তাঁর পরিবার পাবে ৬ লাখ টাকা। পাশাপাশি গুরুতর অসুস্থ বা স্থায়ী অক্ষমতায় ৩ লাখ টাকা, সাময়িক অসুস্থতায় ৫০ হাজার টাকা, হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসার জন্য ৩ লাখ টাকা এবং সাধারণ চিকিৎসার জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা দেওয়া হবে।

ইসি কর্মকর্তারা জানান, আগে এ বিষয়ে সুনির্দিষ্ট ও স্পষ্ট কোনো নীতিমালা ছিল না। নতুন এই নীতিমালা প্রণয়নের ফলে অনুদানের অর্থ উত্তরাধিকারীদের মধ্যে কীভাবে বণ্টন করা হবে, সেই জটিলতারও অবসান ঘটবে। তবে এই অনুদান পেতে হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তাঁর পরিবারকে নির্দিষ্ট নিয়মে আবেদন করতে হবে, যা পরবর্তীতে একটি বিশেষ কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হবে।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর