পরিচয় জানতে চাওয়ার খেসারত: ছুরিকাঘাতে নিহত ১
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পঙ্কজ শীল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিলক শীল (৪০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চক্রশালা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় স্থানীয়রা ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে বোরকা পরিহিত একজনসহ তিনজন সন্দেহজনকভাবে এলাকায় অবস্থান করছিল। এ সময় পঙ্কজ শীল ও তিলক শীল তাদের পরিচয় জানতে চাইলে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুই যুবককে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই পঙ্কজ শীলের মৃত্যু হয়। আহত তিলক শীলকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস বলেন, “রাতে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করছিল। পরিচয় জানতে চাইলে তারা হামলা চালায়। এতে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন।”
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলার পর তিনজনের মধ্যে দুজন পালিয়ে গেলেও বোরকা পরিহিত একজনকে আটক করা সম্ভব হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তির বাড়ি গাইবান্ধা জেলায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তাসু/চখ