chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুকুরে ভাসতে দেখা গেল কলেজছাত্রীর নিথর দেহ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে ওযূ করতে গিয়ে পুকুরে পড়ে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ওই গ্রামের সিরাজ কাজীর বাড়ির বাসিন্দা ও মৌলানা হাফেজ ফরিদুল আলমের মেয়ে। তিনি হাজ্বী মুহাম্মদ মহসিন কলেজ-এর অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে বাড়ির পাশের পুকুরঘাটে ওযূ করতে যান সাদিয়া। এ সময় পা পিছলে বা হোঁচট খেয়ে তিনি পুকুরে পড়ে যান। কিছুক্ষণ পর তার ছোট বোন পুকুরে তাকে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

নিহতের নানা মাওলানা রশিদ আহমদ জানান, ওযূ করতে গিয়ে পুকুরঘাটে হোঁচট খেয়ে সাদিয়া পানিতে পড়ে যান। তিনি সাঁতার জানতেন না। ফলে পানিতে পড়ে আর উঠতে না পেরে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয় বাসিন্দারাও এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর