বিজিবির মেডিকেল ক্যাম্পে উপকৃত ৩০০ মানুষ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম সোনাইছড়ি ইউনিয়নে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। দিনব্যাপী আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় ৩০০ জন দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সকালে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মেডিকেল ও জনসচেতনতামূলক ক্যাম্পের আয়োজন করা হয়। এতে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্স, আনসার-ভিডিপি সদস্য, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
বিজিবি সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকার চিকিৎসাবঞ্চিত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। অসুস্থ ও চলাচলে অক্ষম রোগীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থাও করা হয়।
এছাড়া সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন এবং সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি প্রায় ৬০০ জন মানুষকে খাবারও দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনকারী দুইজন শিক্ষক ও ১২ জন শিক্ষার্থীকে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র প্রদান করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. আবদুল করিম বলেন, দুর্গম এলাকায় এমন চিকিৎসাসেবা পাওয়া খুবই কষ্টকর। বিজিবির এই উদ্যোগে এলাকার মানুষ উপকৃত হয়েছেন।
সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, শিক্ষা উপকরণ ও গাছের চারা পেয়ে তারা উৎসাহিত হয়েছে, যা তাদের লেখাপড়া ও পরিবেশ সচেতনতায় সহায়ক হবে।
১১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে বিজিবি নিয়মিতভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
তাসু/চখ
