নষ্ট মিটারেই আগুন, কৃষকের ঘর-গরু পুড়ে ছাই
নোয়াখালীর সুবর্ণচরে পল্লী বিদ্যুতের নষ্ট মিটার থেকে সৃষ্ট শর্ট সার্কিটের আগুনে এক কৃষকের বসতঘর, গোয়ালঘর ও চারটি গরু পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারি সোহরাব কবিরাজ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
মঙ্গলবার (৯ জুন) ভোররাতে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সোহরাব কবিরাজের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক সোহরাব কবিরাজ জানান, প্রায় চার–পাঁচ মাস আগে তার বিদ্যুৎ মিটারে ত্রুটি দেখা দেয়। এরপর থেকে প্রতি মাসে ৫ থেকে ৬ হাজার টাকা অতিরিক্ত বিল আসতে থাকে। বিষয়টি তিনি সুবর্ণচর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে চার মাসে চারবার লিখিতভাবে অভিযোগ করেন। তবে মিটার পরিবর্তনের পরিবর্তে তাকে প্রতি মাসে ২০০–৩০০ টাকা অনুমানভিত্তিক বিল পরিশোধ করতে বলা হয় এবং পরে মিটার পরিবর্তনের আশ্বাস দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘ প্রায় পাঁচ মাসেও মিটার পরিবর্তন না করায় মঙ্গলবার ভোররাতে ওই নষ্ট মিটার থেকেই শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এতে তার দুটি বসতঘর, চারটি গরু, একটি মোটরসাইকেল ও একটি সাইকেল পুড়ে যায়। “আমার সবকিছু শেষ হয়ে গেছে,” কান্নাজড়িত কণ্ঠে বলেন তিনি।
এ বিষয়ে সুবর্ণচর উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আরব আলী শেখ বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে কৃষকের অভিযোগের কোনো কপি অফিসে পাওয়া যায়নি। ঘটনাস্থলে কর্মকর্তাদের পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।
সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. রুবেল মিয়া জানান, ভোররাতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তাসু/চখ
