chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দায়ী ব্যক্তিদের খুঁজে শাস্তির নির্দেশ

বার বার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বার বার উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে তীব্র অসন্তোষ ও বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমান। যেসব কর্মকর্তার অবহেলা বা গাফিলতির কারণে প্রকল্পের মেয়াদ বাড়ছে, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় মোট ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত অর্থের মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৮০ কোটি ৩৫ লাখ টাকা জোগান দেওয়া হবে।

এদিনের সভায় ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’ প্রকল্পটি তৃতীয়বারের মতো সংশোধনের জন্য উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বার বার মেয়াদ বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি প্রকল্পটি অনুমোদন না দিয়ে একনেক সভা থেকে ফেরত পাঠান। একই সঙ্গে, কোন ব্যক্তির অবহেলায় এই প্রকল্পের মেয়াদ বারবার বৃদ্ধি পাচ্ছে, তাকে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী একনেক সভায় উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত ও অস্বাভাবিক ব্যয় কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন সরকারি বিভাগ যেমন এলজিইডি, পিডব্লিউডি ইত্যাদির ‘রেট শিডিউল’ (কাজের মূল্য নির্ধারণী তালিকা) এক না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে সব বিভাগের রেট শিডিউল একীভূত বা সমন্বয় করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর অনুশাসন সভায় নগরায়নের চেয়ে গ্রামীণ সবুজ পরিবেশের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এক সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনেক গাছ ছিল, যা দেখতে চমৎকার লাগতো। কিন্তু এখন ঢাকা-বগুড়াসহ বিভিন্ন সড়কে গাছ নেই।” সড়ক ও মহাসড়কের পাশে পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস কিংবা ইপিল-ইপিল গাছ না লাগানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর নির্দেশনা দেন তিনি।

সভায় চূড়ান্ত অনুমোদন পাওয়া ১০টি প্রকল্প হলো, বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়), সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ, আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ, দেশের ৩৩টি জেলায় সার্কিট হাউজ এবং জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁওয়ে লিফট সংযোজন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ, ঢাকা সিএমএইচে ক্যানসার সেন্টার নির্মাণ (২য় পর্যায়), মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট, দেশের ৬৫৩টি মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন ও বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন (১ম সংশোধিত)।

 

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর