chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আজিজ হত্যা: ১৮ দিনের অভিযানে ধরা পড়ল উদয়ন 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বহুল আলোচিত ব্যবসায়ী আজিজ খলিফা (৫৩) অপহরণ ও হত্যা মামলার প্রধান এজাহারভুক্ত আসামি ও মূল পরিকল্পনাকারী উদয়ন ধরকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৮ জুন) রাত ১০টা ১০ মিনিটে র‍্যাব-১৫, কক্সবাজার এবং র‍্যাব-৭, চট্টগ্রামের (সিপিসি-৩) যৌথ অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের দুর্গম জঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই উদয়ন ধর আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়ার জন্য তাকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ২০ মে পাওনা ৬ লাখ টাকা আদায়ের উদ্দেশ্যে বাইশারী বাজারে উদয়ন ধরের কাপড়ের দোকানে যান ব্যবসায়ী আজিজ খলিফা। সেখানে তাকে কৌশলে কক্সবাজারের একটি হাসপাতালে পাঠানো হয়। পরে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, অপহরণের পর খালি স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের জন্য তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়। নির্যাতনের মধ্যেও তিনি নিজের ইমো অ্যাকাউন্ট থেকে এক সাক্ষীর মোবাইলে একটি ভয়েস মেসেজ পাঠাতে সক্ষম হন।

সেদিন রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের ঈদগাহ এলাকার রেললাইনের পাশ থেকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। প্রথমে ঈদগাহ মডেল হাসপাতাল, পরে কক্সবাজার সদর হাসপাতাল এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আইসিইউ বেড না পাওয়ায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা ব্যয় বহনে অসামর্থ্যের কারণে ২২ মে বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। পরদিন ২৩ মে সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ২৫ মে নিহতের দ্বিতীয় স্ত্রী সেলিনা আকতার বেবী বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অপহরণ, অবৈধ আটক, গুরুতর আঘাত, হত্যা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়।

র‍্যাব-১৫-এর এক কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের পর থেকেই ছায়া তদন্ত শুরু করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে যৌথ অভিযানে মামলার মূলহোতা উদয়ন ধরকে গ্রেফতার করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, “র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া প্রধান আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, আজিজ খলিফা হত্যাকাণ্ডের ঘটনায় গত কয়েক সপ্তাহ ধরে নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকায় বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িত সকল আসামির দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছিলেন।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর