শিল্প মন্ত্রণালয়ে বড় রদবদল
ওবায়দুর রহমান অপসারিত, নতুন সচিব আব্দুন নাসের
শিল্প মন্ত্রণালয়ের শীর্ষ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বর্তমান শিল্প সচিব মো. ওবায়দুর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মো. আব্দুন নাসের খান।
মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মো. ওবায়দুর রহমানকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে।
এদিকে দ্বিতীয় প্রজ্ঞাপনে জানানো হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বরত আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব পদে বদলি করা হয়েছে। সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ নীতিমালার অধীনে তিনি এই নতুন দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, এর আগে গত ১৬ এপ্রিল আব্দুন নাসের খান চুক্তিতে সচিব পদে যোগদান করেছিলেন এবং সফলতার সাথে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে আসছিলেন।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মুন্নি/চখ
