chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই ৫ শিশু-কিশোর উদ্ধার

কক্সবাজারের চকরিয়া থেকে অপহৃত পাঁচ শিশু-কিশোরকে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। মামলার ২৪ ঘণ্টার মধ্যেই তাদের উদ্ধার করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া থেকে ভিকটিমদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- ইসাদুল হোছাইন সামিম (১৫), মো. মাহিম (১৩), মো. শহিদ হোছন (১৪), হেফাজ উদ্দিন শিপাত (২৩) এবং মো. নুরুল আমিন (২৭)। তাদের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া থানায় দায়ের করা মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৭/৮/৯/১০ ধারায় রুজুকৃত মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে কক্সবাজার পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই মোরশেদ আলম, এএসআই সুকান্ত পাল এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা থেকে অপহৃত পাঁচজন শিশু-কিশোরকে উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, উদ্ধার অভিযানের পর ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত মানব পাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি জানান, মানব পাচার প্রতিরোধে তাদের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর