কাপ্তাই থেকে কোতোয়ালী থানার ধর্ষণ মামলার পলাতক আসামি দেলোয়ার গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি দেলোয়ার মাল (৫৫)-কে রাঙ্গামাটির কাপ্তাই থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৭ সূত্র জানায়, গত ২৩ মে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামি দেলোয়ার এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে সে রাঙ্গামাটি জেলার কাপ্তাই এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল আনুমানিক ৫ টা ৩৫ মিনিটে র্যাব-৭-এর একটি দল কাপ্তাই থানাধীন নতুন বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দেলোয়ার ভোলা জেলার চরফ্যাশন থানার আমেনাবাদ এলাকার মৃত আব্দুল ওহাব মালের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
মুন্নি/চখ
