তথ্য উপদেষ্টা
শর্ত সাপেক্ষে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ কর্মীরা
আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্দিষ্ট কিছু শর্ত মেনে চললে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় কোনো ধরনের দলীয় পরিচয়, পদ-পদবি বা প্রতীক ব্যবহার করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বেশ কিছু স্পষ্ট নির্দেশনা ও শর্তের কথা উল্লেখ করেন। উল্লেখ্য- যেহেতু স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে, তাই যে কেউ ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই নির্বাচনের যাবতীয় আইনি ক্রাইটেরিয়া বা শর্ত পূরণ করতে হবে। কোনো প্রার্থী তার নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ বা নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠনের নাম, স্লোগান কিংবা তাদের রাজনৈতিক কোনো বক্তব্য ব্যবহার করতে পারবেন না। দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় কোনো প্রার্থী তার দলীয় পদ-পদবি পরিচয় হিসেবে বা প্রচারণায় ব্যবহার করতে পারবেন না।
আওয়ামী লীগের পদধারী নেতাদের প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, “সংগঠনের কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, তাই কেউ দলীয় পোস্ট-পজিশন ব্যবহার করতে পারছেন না এবং পারবেনও না। তবে ব্যক্তি হিসেবে যেকোনো নাগরিক যদি নির্বাচনের সব শর্ত পূরণ করেন এবং ভোটে দাঁড়াতে চান, তাতে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।”
তিনি পুনর্ব্যক্ত করেন যে, আইনিভাবে একজন সাধারণ নাগরিক হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অধিকার সবার রয়েছে, তবে নিষিদ্ধ রাজনৈতিক সত্ত্বাকে নির্বাচনী মাঠে টেনে আনা যাবে না।
মুন্নি/চখ
