নোয়াখালীতে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্য দিবালোকে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (২৭) নামের এক রাজমিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ফারুক হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে ৩-৪ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে উপস্থিত হয়। ফারুক কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
এতে ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লাগলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, “আহত ফারুকের তলপেট ও হাঁটুতে গুলির আঘাত লেগেছে। তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।”
খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, “সন্ত্রাসীরা ওই যুবককে আকস্মিক গুলি করে পালিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্থানীয় কোনো গ্যাং বা কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ঘটতে পারে। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান চলছে।”
