চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক-শিশুসহ নিহত ২
কক্সবাজারের চকরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক ও এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (৮ জুন) দুপুর প্রায় ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও মালুমঘাট হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারগামী একটি এভারগ্রিন এসি বাস এবং বিপরীত দিক থেকে আসা চকরিয়া সার্ভিসের বলাকা বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয় এবং উভয় বাসের বহু যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।
পরে চিকিৎসাধীন অবস্থায় এভারগ্রিন এসি বাসের চালক উখিয়ার মরিচ্যা পাগলির বিল এলাকার বাসিন্দা নূরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (২৫) মারা যান। এছাড়া একই বাসের যাত্রী, বান্দরবানের লামা উপজেলার কেদারবান এলাকার মঞ্জুর আলীর এক বছর বয়সী ছেলে ইয়াহিয়া দুর্ঘটনায় প্রাণ হারায়।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় একজন শিশু ঘটনাস্থলে এবং অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত দুটি বাস জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মআ/চখ
