চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ২ জনের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা
চট্টগ্রাম নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাত উল্লাহ রবিনসহ ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুই থেকে তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৭ জুন) নগরের কোতোয়ালী থানায় হত্যাচেষ্টা,মারধর, ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে ব্যবসায়ী মঞ্জুর আলম মামলাটি দায়ের করেন।
মামলাটি রোববার দায়ের করা হলেও জানাজানি হয় সোমবার (৮ জুন)। মামলার অন্য আসামি হলেন, ১৬ নম্বর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো.ওয়াহিদুল ইসলাম বাবু।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ব্যবসায়ী মঞ্জুর আলম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি মোবাইল ফোনের দোকান পরিচালনা করেন।
প্রায় দুই মাস আগে ব্যবসার কথা বলে আসামিরা তার কাছ থেকে ৯৮ হাজার টাকা নেন। পরে টাকা ফেরত চাইলে তারা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিতে থাকেন।
গত ২২ মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের কোতোয়ালী থানাধীন জুবলী রোডের তিনপুল এলাকায় হোটেল টাওয়ার ইন-এর সামনে পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে তার গতিরোধ করেন। পাওনা টাকা চাওয়ার জেরে তারা তাকে মারধর করেন। এ সময় রাহাত উল্লাহ রবিন লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। অপর আসামি ওয়াহিদুল ইসলাম বাবুও কাঠের বাটাম দিয়ে তাকে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া, হামলার একপর্যায়ে আসামিরা তার কাছে থাকা একটি অপো মোবাইল ফোন এবং পকেটে থাকা ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে মামলায় দাবি করা হয়েছে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার বিষয়ে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাত উল্লাহ রবি বাংলানিউজকে বলেন, মামলার বিষয়টি আমি অবগত নই। মামলার ঘটনা ও মামলার বাদী মঞ্জুর আলমের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে।
