ফটিকছড়িতে বিষপানে যুবকের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে ধানের বিষ খেয়ে মুহাম্মদ পারভেজ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত পারভেজ উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের কোম্পানিটিলা এলাকার (৩ নম্বর ওয়ার্ড) বাসিন্দা এবং মুহাম্মদ আলমের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় পারভেজ ধানের বিষ পান করার পর বাড়ির পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পারভেজের মৃত্যু হয়।
তিনি আরও জানান, পারভেজের কিছু মানসিক সমস্যা ছিল বলে জানা গেছে। এছাড়া তার দাম্পত্য জীবন নিয়েও বিভিন্ন ধরনের পারিবারিক জটিলতা ছিল বলে স্থানীয়দের কাছ থেকে শুনেছেন।
তাসু/চখ
