chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে ঝটিকা মিছিল, ৭২ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় ৭২ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (৬ জুন) দিবাগত রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ধনতোষ ত্রিপুরা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দায়েরকৃত মামলায় ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- সৈয়দ আশরাফ (২৩), সাইফুদ্দীন শিকদার পারভেজ (২৬) এবং আশরাফুল ইসলাম (১৯)।

আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকৃত তিন আসামিকে রোববার (৭ জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, গত শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকার ডিসি পার্ক-বন্দর সড়কে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি আকস্মিক (ঝটিকা) মিছিল বের করেন। মিছিল থেকে তারা বিভিন্ন স্লোগান দেন।

পুলিশের অভিযোগ, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে এই তৎপরতা চালানো হয়েছিল। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে কার্তুজের খোসা ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর