chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দীর্ঘদিন পলাতক রুবেল টেকনাফে গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

রবিবার (৭ জুন) দুপুর পৌঁনে ১টায় র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের সামশুল আলমের ছেলে মো. সাইফুল ইসলাম প্রকাশ রুবেল (২৫)।

র‌্যাব জানায়, গত ৬ জুন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর সিপিসি-১ এর একটি চৌকস দল টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজার এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

র‌্যাবের তথ্যমতে, তার বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়া থানায় ২০১৯ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে ১ বছর ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

আ. ম. ফারুক বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে র‌্যাব-১৫ এর এই ধরনের কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর