chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় পোকা জব্দ

উদ্ধার ১ লাখেরও বেশি নিষিদ্ধ ‘হিসিং’ তেলাপোকা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে এক অভিনব ও বিশাল চোরাচালান চক্রের সন্ধান পেয়েছে দেশটির আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এক বাণিজ্যিক প্রজননকারীর ডেরা থেকে জব্দ করা হয়েছে ১ লাখেরও বেশি অবৈধ বিদেশি তেলাপোকা, যার মধ্যে বেশ কিছু পোকা আকারে আস্ত মানুষের হাতের তালুর সমান বড়!

কর্তৃপক্ষের দাবি, অমেরুদণ্ডী প্রাণীর অবৈধ ব্যবসার ইতিহাসে এটি অস্ট্রেলিয়ার বুকে সবচেয়ে বড় জব্দের ঘটনা।

উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ তেলাপোকার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ অস্ট্রেলীয় ডলার। সিডনি থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে বাথার্স্ট এলাকার একটি খামার থেকে এগুলো উদ্ধার করা হয়।

তদন্তকারীরা জানান, জব্দ করা পোকাগুলোর মধ্যে রয়েছে, মাদাগাস্কার হিসিং তেলাপোকা। এরা পৃথিবীর অন্যতম বৃহত্তম তেলাপোকা প্রজাতি। রেগে গেলে বা বিপদে পড়লে এরা তীব্র শব্দে ‘হিসহিস’ শব্দ করতে পারে বলে এদের এমন নামকরণ। ডুবিয়া তেলাপোকা সাধারণত সরীসৃপ জাতীয় পোষা প্রাণীর খাবার হিসেবে এটি ব্যবহৃত হয়।

অস্ট্রেলিয়ার কঠোর জীবনিরাপত্তা আইন অনুযায়ী এই দুই প্রজাতির তেলাপোকা আমদানি, ব্যক্তিগতভাবে পালন, প্রজনন বা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।

জলবায়ু পরিবর্তন, শক্তি, পরিবেশ ও পানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বাহ্যিক দৃষ্টিতে এগুলোকে নিরীহ বা পোষা প্রাণীর খাবার মনে হলেও এগুলো দেশের জন্য মারাত্মক হুমকি।

বিদেশি এই পোকামাকড়গুলো এমন কিছু রোগ বা জীবাণু ছড়াতে পারে যা অস্ট্রেলিয়ার পরিবেশে আগে ছিল না। এগুলো যদি কোনোভাবে প্রকৃতিতে ছড়িয়ে পড়ে, তবে স্থানীয় বন্যপ্রাণী এবং পুরো কৃষি ব্যবস্থার অপূরণীয় ক্ষতি করতে পারে।

বিভাগের একজন মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমরা দেশজুড়ে বহিরাগত তেলাপোকার অবৈধ প্রজনন ও ব্যবসার ওপর কড়া নজর রাখছি। পোষ্য প্রাণীর ব্যবসায়ী এবং মালিকদের সতর্ক করা হচ্ছে—যদি কারও কাছে ডুবিয়া বা মাদাগাস্কার হিসিং তেলাপোকা পাওয়া যায়, তবে তা সরাসরি বাজেয়াপ্ত করা হবে এবং ফেডারেল আইনের অধীনে কঠোর শাস্তি দেওয়া হবে।”

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, উদ্ধারকৃত ১ লাখ তেলাপোকার সবকটিকেই জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হবে।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর