chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শিলখালীতে হোসন আলী মাতব্বর ফাউন্ডেশনের প্রীতি ফুটবল: বিবাহিতদের হারিয়ে অবিবাহিত একাদশ চ্যাম্পিয়ন

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ‘সম্প্রীতি, সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হোসন আলী মাতাব্বর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় স্থানীয় বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ। টানটান উত্তেজনায় ঠাসা নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ার পর, টাইব্রেকারে বিবাহিত একাদশকে ৩–১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে অবিবাহিত একাদশ।

গত বুধবার বিকেল ৩টায় শুরু হওয়া এই ম্যাচে দুই দলের খেলোয়াড়দের নান্দনিক ফুটবলশৈলী ও আক্রমণ-প্রতিআক্রমণ উপস্থিত হাজারো দর্শককে দারুণভাবে মুগ্ধ করে। নির্ধারিত সময়ের মাঠের লড়াই ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে। সেখানে অবিবাহিত একাদশের গোলরক্ষক মো. শাহিনের অসাধারণ নৈপুণ্যে ৩–১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে অবিবাহিত একাদশ। পুরো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন ইয়াহিয়া ইফতি এবং টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার জিতেন মো. শাহিন।
খেলা শেষে মাঠেই এক সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন হোসন আলী মাতাব্বর ফাউন্ডেশনের উপদেষ্টা মো. শাহজাহান।
পুরস্কার বিতরণকালে মো. শাহজাহান বলেন: “যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং গ্রামীণ জনপদে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতেই আমাদের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন। আগামীতেও এলাকার তরুণ ও যুবসমাজের কল্যাণে এ ধরনের সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চা অব্যাহত থাকবে।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন—ফাউন্ডেশনের উপদেষ্টা শাহাদাত হোসেন ভূঁইয়া ও মো. মাসেক, হোসন আলী মাতাব্বর ফাউন্ডেশনের সহ-সভাপতি জয়নাল আবেদীন ও আজিজ উদ্দিন চৌধুরী, অর্থ ও দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রাকিব এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জায়েদ ইবনে আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর