টেকনাফে মার্কিন নাগরিক ৪ বছরের শিশুকে অপহরণের চেষ্টা, গ্রেফতার ৩
কক্সবাজারের টেকনাফে অপহরণের চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় এক মার্কিন নাগরিক ৪ বছর বয়সী শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এ ঘটনায় অপহরণচেষ্টার সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকাল সোয়া ৪ টায় র্যাব-১৫ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার আবদুস ছালামের ছেলে শাহাব উদ্দিন (২৮), একই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে আব্দুর রজব মিয়া (৩৫) ও মহেশখালীয়া পাড়ার হাফেজ উল্লাহর ছেলে কেফায়েত উল্লাহ্ (২৪)।
স্থানীয়দের বরাতে জানা যায়, গত মঙ্গলবার দুপুর ১২ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মো. জুবায়েরের বাড়ির সামনের রাস্তা থেকে তার ৪ বছর বয়সী মার্কিন নাগরিক ভাগিনাকে একা পেয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় ধৃতরা। এ সময় স্থানীয়দের তাৎক্ষণিক হস্তক্ষেপে অপহরণচেষ্টা ব্যর্থ হয় এবং শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
আ. ম. ফারুক জানান, গত ২ জুন টেকনাফ মডেল থানার শাপলা চত্বর এলাকায় নিয়মিত টহল চলাকালে নতুন পল্লান পাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টার খবর পায় র্যাবের একটি দল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানকালে স্থানীয় জনতা কর্তৃক আটক তিন অভিযুক্তকে গণপিটুনির অবস্থায় দেখতে পায় র্যাব সদস্যরা। পরে তাদের জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। আহত অবস্থায় তিনজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তিনি বলেন, উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মআ/চখ
