chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা এলাকায় এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (৩ জুন) বেলা আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

নিহত গৃহবধূ ফারজানা (২৬) দুই সন্তানের জননী এবং স্থানীয় মো. রিদুওয়ানের স্ত্রী। তিনি উত্তর ঢেমশা এলাকার ৪নং ওয়ার্ডের কানুমার বাড়িতে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে তিনি নিজ ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি পরে পরিবারের সদস্যদের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যদের দাবি, ফারজানা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

তার চাচা আমানুল হক বলেন, “মেয়েটি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। আমরা অনেক চেষ্টা করেছি তাকে স্বাভাবিক রাখতে, কিন্তু আজ এই দুঃখজনক ঘটনা ঘটে গেল।”নিহতের বাবার বাড়ি সাতকানিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের গোয়াজার পাড়া এলাকায়। তার পিতা আবুল কাসেম এবং মাতা লায়লা বেগম।

ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, “আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর