সিএনজির ইঞ্জিন বক্সে ইয়াবা, চালক গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে সিএনজির ইঞ্জিন বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
বুধবার (৩ জুন) দুপুরে র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম সৈয়দ আলম (৪৮)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা কোনাপাড়া এলাকার মৃত আলী আহম্মদের ছেলে।
তিনি জানান, গত ২ জুন দুপুরে টেকনাফ পৌর শহরের শাপলা চত্বর এলাকায় অবস্থানকালে র্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক মাদক কারবারি সিএনজিযোগে বড় একটি ইয়াবার চালান নিয়ে বরইতলী এলাকা হয়ে টেকনাফ সদরের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিকেল ৩টা ৪৫ মিনিটে সদর ইউনিয়নের বরইতলী এলাকায় র্যাব ক্যাম্পের সামনে পাকা সড়কে বিশেষ চেকপোস্ট বসানো হয়।
পরে বিকেল ৪টার দিকে জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালক সৈয়দ আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে মাদক থাকার বিষয়টি স্বীকার করেন।
পরে স্থানীয়দের উপস্থিতিতে তার দেখানো মতে সিএনজির পেছনের ইঞ্জিন বক্সের ভেতর বিশেষভাবে লুকানো ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি এবং আসামির ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-১৫ এর ওই কর্মকর্তা।
তাসু/চখ
