জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বড় রদবদল
বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মঙ্গলবার প্রকাশিত নতুন এই তালিকায় আজীবন সম্মাননা, চিত্রনাট্যসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে গত ২৯ জানুয়ারি ২০২৬ প্রকাশিত আগের বিতর্কিত প্রজ্ঞাপনটি সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৩ সালের চলচ্চিত্রে অবদানের জন্য এবার ২৮টি শাখায় মোট ৩২ জন শিল্পী ও কলাকুশলীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করা হচ্ছে।
নতুন তালিকা অনুযায়ী, আজীবন সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম এবং চলচ্চিত্র সম্পাদক ফজলে হক। এছাড়া চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর যৌথ পুরস্কার পাচ্ছেন নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু।
২০২৩ সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’। একই ছবির জন্য খন্দকার সুমন শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কৃত হচ্ছেন।
অভিনয় বিভাগে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) হয়েছেন আফরান নিশো। অন্যদিকে ‘সাঁতাও’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) নির্বাচিত হয়েছেন আইনুন নাহার পুতুল।
পার্শ্ব চরিত্রে ‘সুড়ঙ্গ’ ছবির জন্য মনির আহাম্মেদ শাকিল শ্রেষ্ঠ অভিনেতা এবং ‘ওরা সাত জন’ ছবির জন্য নাজিয়া হক অর্ষা শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন। খল চরিত্রে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির জন্য আশীষ খন্দকার এবং কৌতুক চরিত্রে ‘সুড়ঙ্গ’ ছবির জন্য শহীদুজ্জামান সেলিম পুরস্কার পাচ্ছেন।
সংশোধিত তালিকায় শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে যৌথভাবে পুরস্কার পাচ্ছেন রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (‘সুড়ঙ্গ’)। শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হয়েছেন তাসনীমুল হাসান (‘রক্তজবা’) এবং শ্রেষ্ঠ কাহিনিকার ফারুক হোসেন (‘প্রিয়তমা’)।
সংগীত বিভাগে ‘প্রিয়তমা’ ছবির ‘ঈশ্বর’ গানটি এবার শীর্ষ সম্মান অর্জন করেছে। এ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার হয়েছেন সোমেশ্বর অলি এবং শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ। একই ছবির ‘ও প্রিয়তমা’ গানের জন্য বালাম শ্রেষ্ঠ গায়ক হয়েছেন।
অন্যদিকে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের ‘এ গাঁ ছুঁয়ে বলো’ গানের জন্য অবন্তী দেব সিথি শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পুরস্কার পাচ্ছেন ইমন চৌধুরী।
সংশোধিত এই প্রজ্ঞাপনের মাধ্যমে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাসু/চখ
