chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঘুমধুমে মাইন বিস্ফোরণে নিহত তিন পরিবারের পাশে উপজেলা প্রশাসন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ি পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার  দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নিহতদের পরিবারের সদস্যদের হাতে কম্বল, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহত তিন পরিবারের প্রত্যেককে ৪টি করে কম্বল, ৩ হাজার টাকা নগদ অর্থ এবং চাল, মসুর ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুল্লাহ আল মামুন এবং জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ওসাই মং মার্মা ছোটন।

এ সময় ইউএনও মো. এনামুল হাসান বলেন, “মাইন বিস্ফোরণে নিহত পরিবারগুলোর ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়। তবে তাদের এই দুঃসময়ে পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, “সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তাদের প্রয়োজন অনুযায়ী পরবর্তীতেও সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।”

সহায়তা গ্রহণের পর নিহতদের স্বজনরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন, পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এমন সময়ে প্রশাসনের এই সহায়তা তাদের কিছুটা হলেও সাহস ও স্বস্তি জুগিয়েছে।

উল্লেখ্য, গত ২৪ মে ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়াপাড়া গ্রামের বাসিন্দা লেয়ারা (৪১), অংকেমং (৫০) ও চিংকা অং (৪০) সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনায় নিহত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর