chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জঙ্গল সলিমপুরে সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন: আসলাম চৌধুরী

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে নিজের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী।

মঙ্গলবার (২ জুন) এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহল অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এসব প্রচারণার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জঙ্গল সলিমপুর তার নির্বাচনী এলাকার একটি ওয়ার্ড হলেও ২০২৪ সালের ২০ আগস্ট কারামুক্তির পর থেকে তিনি ওই এলাকায় যাননি। এমনকি বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময়ও তিনি সেখানে কোনো গণসংযোগ করেননি বলে জানান।

তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুরে কোনো ধরনের গ্রুপকে তিনি পৃষ্ঠপোষকতা করেছেন—এমন কোনো নজির নেই। পাশাপাশি বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মীরাও ওই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন তিনি।

আসলাম চৌধুরী বলেন, এলাকায় কিছু সন্ত্রাসী ও দখলদার নিজেদের অপকর্ম আড়াল করতে তার ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তবে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে এসব অপরাধী গোষ্ঠীর তৎপরতা বন্ধ হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ তৈরি করতে চাওয়া গোষ্ঠীগুলোর অস্তিত্ব অচিরেই বিলীন হবে। জনপ্রতিনিধি হিসেবে তিনি নিজ এলাকার সন্ত্রাস ও দখলদারমুক্ত পরিবেশ চান বলেও জানান।

শেষে তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, সরকার ও প্রশাসনের সহযোগিতায় এলাকা থেকে সন্ত্রাস ও দখলদারিত্ব নির্মূল করা সম্ভব হবে। একই সঙ্গে তিনি সবাইকে এসব “মিথ্যা ও বানোয়াট প্রচারণায়” বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর