‘বিশ্বকাপ মিশন শুরু’ অনুশীলনে যোগ দিয়ে রোনালদোর হুংকার
২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে যখন পর্তুগাল বিদায় নিয়েছিল, অনেকেই ধরে নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের সেখানেই সমাপ্তি। ২০২৬ বিশ্বকাপ আসতে আসতে তাঁর বয়স ৪১ পার হয়ে যাবে—এই বয়সে বিশ্বমঞ্চে টিকে থাকাটা অনেকের কাছেই ছিল অসম্ভব। কিন্তু ফুটবলপ্রেমীরা ভালো করেই জানেন, নামটা যখন ক্রিস্টিয়ানো রোনালদো, তখন ‘অসম্ভব’ শব্দটাই অর্থহীন হয়ে যায়।
সব শঙ্কা, সমালোচনা আর বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত ‘সিআর সেভেন’।
অনুশীলনে রোনালদো: সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা
পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়ার পর, গত রাতে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন রোনালদো। অনুশীলনে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এই মহাতারকা লিখেছেন, ‘বিশ্বকাপ মিশন শুরু।’
রেকর্ডের পাতায় রোনালদো
এই বিশ্বকাপে মাঠে নামার সঙ্গে সঙ্গেই অনন্য এক রেকর্ডের অংশীদার হবেন রোনালদো। লিওনেল মেসির সাথে যৌথভাবে ইতিহাসের সবচেয়ে বেশি (৬টি) বিশ্বকাপ খেলা ফুটবলার হতে যাচ্ছেন তিনি। এর আগের ৫ বিশ্বকাপে ২২টি ম্যাচ খেলে ৮টি গোল করেছেন সিআর সেভেন।
তবে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে এবার রোনালদোর মূল লক্ষ্য ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা বিশ্বকাপ ছোঁয়া। এই একটি ট্রফি উঁচিয়ে ধরেই হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চান তিনি।
মার্তিনেজের চোখে রোনালদোর ‘ক্ষুধা’
পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ অবশ্য রোনালদোর এখানেই শেষ দেখছেন না। এক সাক্ষাৎকারে তিনি রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের রহস্য উন্মোচন করে বলেন, আমার বিশ্বাস, ক্রিস্টিয়ানো রোনালদো কোনো নির্দিষ্ট শিরোপা জেতার জন্য খেলে না, সেটি দলীয় হোক বা ব্যক্তিগত। তার আসল রহস্য হলো ক্ষুধা। সে যা-ই জিতুক না কেন, পরদিনও নিজেকে আরও উন্নত করার একই তাড়না নিয়ে মাঠে নামে। আমি অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি, যারা চ্যাম্পিয়নস লিগ বা ব্যালন ডি’অর জয়ের পরদিন আর আগের মতো ক্ষুধার্ত থাকে না।”
এমনকি ২০৩০ বিশ্বকাপে রোনালদোর খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মার্তিনেজ স্পষ্ট জানান, সেটার জন্য রোনালদো লড়াই করবে এবং এই অধিকার সে অর্জন করেছে। কোচিং স্টাফরা তরুণ ফুটবলারদের জন্য রোনালদোর মানসিকতা, পেশাদারত্ব ও সাফল্যের ক্ষুধাকে উদাহরণ হিসেবে তুলে ধরেন।
পর্তুগালের বিশ্বকাপ সূচি (গ্রুপ পর্ব)
পর্তুগাল এবার গ্রুপ পর্বে লড়বে ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে। দেখে নেওয়া যাক তাদের ম্যাচের সময়সূচি: ১৭ জুন ২০২৬ ডিআর কঙ্গো’র সাথে খেলবেন। ২৩ জুন ২০২৬ উজবেকিস্তানের সাথে এবং ২৮ জুন ২০২৬ কলম্বিয়ার সাথে খেলবেন।
পেশাদারত্ব আর নিরন্তর চেষ্টার অনন্য প্রতীক রোনালদোর হাত ধরে পর্তুগাল এবার কতদূর যায়, সেটাই এখন দেখার অপেক্ষায় বিশ্ব ফুটবল।
মুন্নি/চখ
