তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে গণধর্ষণ: অন্যতম আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি মোহাম্মদ ফারুক (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) ভোরে রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলায় গত ২ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আনোয়ারা থানায় মামলা রুজু করা হয়। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৭ এপ্রিল রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের একটি এলাকায় শিক্ষার্থীকে জোরপূর্বক আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে থাকলেও তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মামলার তদন্তও এগিয়ে চলছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তাসু/চখ