জিইসি ও আনোয়ারায় ঝটিকা মিছিল
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের আকস্মিক শোডাউন
গত বছর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রাম মহানগর ও আনোয়ারায় আকস্মিক ঝটিকা মিছিল করেছে। সোমবার সকালে পৃথক দুটি স্থানে সংগঠনটির এই শোডাউনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকা থেকে ‘ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ’ ব্যানারে একটি মিছিল শুরু হয়। শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশ হয়ে জিইসি মোড়ের দিকে অগ্রসর হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’ এবং অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিচ্ছেন। হঠাৎ করেই বিপুল সংখ্যক নেতাকর্মী রাস্তায় নেমে আসায় জিইসি মোড় ও সংলগ্ন এলাকায় মুহূর্তের জন্য সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যান।
মহানগরের পাশাপাশি একই দিন সকাল আনুমানিক ৮টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলাতেও নিষিদ্ধ এই সংগঠনের নেতাকর্মীদের মাঠে নামতে দেখা গেছে। উপজেলার পিএবি সড়কের চাতরী চৌমুহনী এলাকায় ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ঝটিকা মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে দ্রুত স্থান ত্যাগ করে।
নিষিদ্ধ সংগঠনের এই আকস্মিক তৎপরতার পর নগরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে অভিযান চালায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা পালিয়ে যায়। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা করছি। সিসিটিভি ফুটেজ ও ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। আইন ভঙ্গকারী ও নিষিদ্ধ সংগঠনের কাউকেই ছাড় দেওয়া হবে না, দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।”
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর চট্টগ্রামে এটিই তাদের অন্যতম বৃহৎ এবং প্রকাশ্য ‘শোডাউন’ বলে ধারণা করছেন স্থানীয়রা। এই ঘটনার পর নগরের জিইসি, দুই নম্বর গেট এবং ওমরগণি এমইএস কলেজ সংলগ্ন এলাকায় পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
মুন্নি/চখ
