জোরারগঞ্জে ২কোটি টাকার ইয়াবাসহ কারবারি ধরা
চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রায় দুই কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত বাবুল মোল্লা (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
রবিবার (৩১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটক বাবুল মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকায় পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। রাত আড়াইটার দিকে ঢাকা মেট্রো-গ ৩৪-৭৬৮৯ নম্বরের প্রাইভেটকারটি থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়। এ সময় বাবুল মোল্লা কে আটক করা হয়েছে।
তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের বডির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, উদ্ধার করা সাতটি প্যাকেটে মোট ৭৬ হাজার ৬৮০ পিস ইয়াবা এবং অতিরিক্ত ৬২০ পিস ভাঙা ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা।
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক বাবুল মোল্লা একটি বড় মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দেশের বিভিন্ন থানায় তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তাসু/চখ