chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রগতির কণ্ঠস্বর স্তব্ধ

কামরুদ্দীন আবসার আর নেই

দেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কামরুদ্দীন আবসার চিরবিদায় নিয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বিআইএসএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় তাঁর মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। দুপুর ১২টা পর্যন্ত সেখানে শ্রদ্ধা নিবেদন পর্ব চলবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

কামরুদ্দীন আবসার কেবল একজন কণ্ঠশিল্পীই ছিলেন না, তিনি ছিলেন সমাজ পরিবর্তনের লড়াইয়ের একজন সম্মুখসারির যোদ্ধা। দীর্ঘ সময় ধরে তিনি প্রগতিশীল লেখক সংগঠন ‘বাংলাদেশ লেখক শিবির’-এর সাথে যুক্ত থেকে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অবদান রেখেছেন।

একই সাথে শোষিত ও মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘গণসংস্কৃতি ফ্রন্ট’-এর একজন সক্রিয় সংগঠক হিসেবে মাঠপর্যায়ে কাজ করেছেন তিনি। জনপ্রিয় গণসংগীত দল ‘সৃজন’-এর সাথে যুক্ত থেকে তাঁর গাওয়া অসংখ্য গান এদেশের প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে মানুষকে উজ্জীবিত করেছে।

তাঁর এই আকস্মিক প্রয়াণে দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে প্রথিতযশা এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মুন্নি /চখ

এই বিভাগের আরও খবর