নবম পে স্কেল
বড় সুখবর পাচ্ছেন পৌনে ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী
প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়িত হলে বড় ধরনের আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত পৌনে ৫ লাখ শিক্ষক-কর্মচারী। আগামী জুলাই মাস থেকেই তাদের জন্য এই সুবিধা কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকরাও অন্তর্ভুক্ত থাকবেন। দুই মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সরকারি পর্যায়ে মূল বেতনের ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। তবে ১১তম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে শতভাগ পর্যন্ত বেতন বাড়ানোর আলোচনাও রয়েছে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরিসহ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ২৬ হাজার ৯৩টি। আর এতে কর্মরত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৮৯৮।
কার বেতন কত বাড়তে পারে
পে কমিশনের সুপারিশ অনুযায়ী, চতুর্থ গ্রেডভুক্ত এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের বর্তমান ৫০ হাজার টাকার মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৫ হাজার টাকা হতে পারে। এছাড়া:
ষষ্ঠ গ্রেড (সহকারী অধ্যাপক) মূল বেতন ৩৫,৫০০ টাকা থেকে বেড়ে হতে পারে ৫৩,২৫০ টাকা।
সপ্তম গ্রেড (উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষক) মূল বেতন ২৯,০০০ টাকা থেকে বেড়ে হতে পারে ৪৩,৫০০ টাকা।
নবম গ্রেড (কলেজ প্রভাষক) বর্তমান ২২,০০০ টাকা থেকে বেড়ে হতে পারে ৩৩,০০০ টাকা।
দশম গ্রেড (বিএডধারী সহকারী শিক্ষক) বর্তমান ১৬,০০০ টাকা থেকে বেড়ে হতে পারে ২৪,০০০ টাকা।
নিম্ন গ্রেডে দ্বৈত হিসাবের প্রস্তাব
১১তম থেকে ২০তম গ্রেডভুক্ত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ৫০ শতাংশ এবং ১০০ শতাংশে দুই ধরনের হিসাব সামনে এসেছে।
১১তম গ্রেড (বিএডবিহীন সহকারী শিক্ষক) বর্তমান ১২,৫০০ টাকার বেসিক ৫০ শতাংশ বাড়লে ১৮,৭৫০ টাকা এবং শতভাগ বাড়লে ২৫,০০০ টাকা হবে।
১৬তম গ্রেড (অফিস সহকারী) ৯,৩০০ টাকার বেসিক ৫০ শতাংশ বাড়লে ১৩,৯৫০ টাকা এবং দ্বিগুণ হলে ১৮,৬০০ টাকা হবে।
২০তম গ্রেড (অফিস সহায়ক/নৈশপ্রহরী) ৮,২৫০ টাকার বেসিক ৫০ শতাংশ বাড়লে ১২,৩৭৫ টাকা এবং শতভাগ বাড়লে ১৬,৫০০ টাকা হবে।
জুলাই থেকে বাড়ি ভাড়ার দ্বিতীয় ধাপ কার্যকর
বেতনের পাশাপাশি আগামী ১ জুলাই থেকে বাড়ছে এমপিওভুক্তদের বাড়িভাড়া ভাতাও। গত বছরের অক্টোবর মাসে অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্তদের বাড়িভাড়া ভাতা দুই ধাপে মোট ১৫ শতাংশ বাড়ানোর অনুমোদন দেয়। প্রথম ধাপে গত বছরের নভেম্বর থেকে ৭.৫ শতাংশ হারে বাড়িভাড়া কার্যকর হয়েছে। আগামী ১ জুলাই থেকে দ্বিতীয় ধাপে আরও ৭.5 শতাংশ যুক্ত হয়ে মোট বাড়িভাড়া ভাতা দাঁড়াবে মূল বেতনের ১৫ শতাংশে (তবে সর্বনিম্ন ভাতা ২,০০০ টাকা নির্ধারিত থাকবে)।
মুন্নি/চখ
