বাকপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
চট্টগ্রামের বোয়ালখালীতে বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানায় চোর সন্দেহে পিটুনিতে নিহত অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত যুবকের নাম হাসমত আলী (৩২)। তিনি পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা গ্রামের ১নং ওয়ার্ডের ইয়াকুব আলীর ছেলে। তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন।
নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর সোমবার (২৫ মে) দুপুরে তার মা মাজমা বেগম ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০–৩৫ জনকে আসামি করে বোয়ালখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতোমধ্যে কারখানার তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।
তারা হলেন—ম্যানেজার (মানবসম্পদ) মো. মোশারফ, সহকারী জেনারেল অ্যাডমিন হাফেজ মো. মনিরুল ইসলাম এবং ডিউটি ইনচার্জ আমির হোসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে শাকপুরা মিলিটারি পুল এলাকার ওই কারখানার ভেতরে হাসমত আলী প্রবেশ করেন। এ সময় কারখানার লোকজন তাকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। পরে তিনি অচেতন হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, লাশ শনাক্তের পর নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তাসু/চখ
