কোরবানির ঈদে ব্যস্ততার মাঝেও থাকুক স্নিগ্ধ
কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা। এই ঈদে ঘরের মা, বোন ও মেয়েদের ব্যস্ততা যেন অন্যসব সময়ের চেয়ে অনেক বেশি। ভোর থেকে শুরু হয় রান্নাবান্না, অতিথি আপ্যায়ন, কোরবানির প্রস্তুতি ও পরিবারের সদস্যদের দেখভাল। এতসব কাজের মাঝেও একটু পরিপাটি ও স্নিগ্ধভাবে নিজেকে উপস্থাপন করতে চান অনেকেই। তাই রূপ বিশেষজ্ঞরা বলছেন, কোরবানির ঈদে ভারী সাজের চেয়ে হালকা ও আরামদায়ক সাজই সবচেয়ে উপযোগী।
ঈদের সকালের জন্য আরামদায়ক পোশাক বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন ফ্যাশন সচেতনরা। সুতি, লিনেন কিংবা হালকা সিল্কের সালোয়ার-কামিজ এ সময়ের জন্য বেশ মানানসই। এতে যেমন উৎসবের আবহ বজায় থাকে, তেমনি ঘরের কাজেও স্বস্তি পাওয়া যায়।
সাজের শুরুতে ত্বকের যত্ন নেওয়াটা গুরুত্বপূর্ণ। মুখ ভালোভাবে পরিষ্কার করে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক দীর্ঘসময় সতেজ থাকে। ভারী ফাউন্ডেশনের বদলে বিবি বা সিসি ক্রিম ব্যবহার করলে গরমে মেকআপ নষ্ট হওয়ার ঝুঁকি কমে। হালকা পাউডার দিয়ে সেট করে নিলে মুখে থাকে স্বাভাবিক উজ্জ্বলতা।
চোখের সাজেও রাখতে হবে সরলতা। হালকা বাদামি কিংবা পিচ রঙের আইশ্যাডো, সামান্য কাজল বা আইলাইনার এবং একটু মাশকারাই এনে দিতে পারে আকর্ষণীয় লুক। ভ্রু হালকা করে ভরাট করলে পুরো সাজ আরও পরিপাটি দেখায়। ঠোঁটে নুড, গোলাপি বা পিচ শেডের লিপস্টিক ব্যবহার করলে মুখে আসে কোমল সৌন্দর্য।
চুলের সাজেও প্রাধান্য দিতে হবে স্বাচ্ছন্দ্যকে। সাধারণ খোঁপা কিংবা পনিটেল কাজের সময় আরাম দেয়। এর সঙ্গে ছোট দুল ও একটি হাতঘড়ি পুরো সাজে যোগ করতে পারে ভিন্ন মাত্রা।
দুপুরের দিকে কোরবানির কাজ শেষ হলেও তখন শুরু হয় মাংস কাটা, পরিষ্কার ও সংরক্ষণের ব্যস্ততা। তাই এ সময় ভারী পোশাক বা অতিরিক্ত সাজ এড়িয়ে চলাই ভালো। আরামদায়ক ও সহজে ময়লা না হয় এমন পোশাকই হতে পারে সবচেয়ে ভালো পছন্দ।

তবে সন্ধ্যার পর অতিথি আপ্যায়ন কিংবা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে সাজে আনা যেতে পারে কিছু পরিবর্তন। বর্তমানে লম্বা ঘেরওয়ালা ফ্রক স্টাইল কামিজ কিংবা হালকা রঙের শাড়ির সঙ্গে নরম মেকআপ বেশ জনপ্রিয়। আর রাতের দাওয়াত বা অনুষ্ঠানে গাঢ় রঙের শাড়ি, সিল্কের পোশাক ও ট্র্যাডিশনাল গহনা যোগ করতে পারে উৎসবের পূর্ণতা।
বিশেষজ্ঞদের মতে, ফ্যাশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিজের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিত্ব। বয়স, গায়ের রঙ, পরিবেশ ও নিজের পছন্দের সঙ্গে মানানসই পোশাক ও সাজই এনে দিতে পারে ঈদের আসল সৌন্দর্য।
মুন্নি/চখ
