খুলশীতে জায়গা দখল নিয়ে গোলাগুলি
চট্টগ্রামের খুলশী থানাধীন ডেবারপার এলাকায় জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত থেকে শুরু হওয়া উত্তেজনা সোমবার ভোরে সহিংস রূপ নেয়। পরে সকাল পর্যন্ত লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে এলাকায় হঠাৎ কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরের বাইরে বের না হলেও মোবাইল ফোনে ঘটনাস্থলের ভিডিও ধারণ করেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বিরোধপূর্ণ জমির আশপাশে দুই পক্ষের সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে অংশ নেওয়া ব্যক্তিরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে একে অপরকে ধাওয়া করেন। কয়েকটি ভিডিওচিত্রে গোলাগুলির শব্দও শোনা গেছে। স্থানীয়দের দাবি, বেশ কয়েক দিন ধরেই ওই জমি নিয়ে বিরোধ চলছিল এবং উভয় পক্ষই মালিকানার দাবি করে আসছিল।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, সংঘর্ষ শুরুর পর দীর্ঘ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আতঙ্কে অনেক দোকানপাট আংশিক বন্ধ রাখা হয় এবং শিশু-কিশোরদের বাইরে যেতে নিষেধ করা হয়।
পরে সকাল ৭টার দিকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়দের ধারণা।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
মুন্নি/চখ
