চমেকে ভুক্তভোগী ও গুলিবিদ্ধ সাংবাদিকদের দেখতে এমদাদুল হক বাদশা
বাকলিয়ায় শিশুর ওপর বর্বরতার ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবি
চট্টগ্রামের বাকলিয়ার চরচাক্তাই এলাকায় সাড়ে তিন বছরের এক শিশুর ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন যুবদল নেতা এমদাদুল হক বাদশা।
শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন ভুক্তভোগী শিশু ও পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ দুই সাংবাদিককে দেখতে গিয়ে তিনি এ দাবি জানান।
হাসপাতালে শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। তিনি বলেন, “সাড়ে তিন বছরের একটি নিষ্পাপ শিশুর ওপর যে বর্বর ও পাশবিক নির্যাতন চালানো হয়েছে, তা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। এটি অত্যন্ত ধিক্কারজনক ঘটনা।”
তিনি আরও বলেন, “ঘটনার দিনই পুলিশ মূল আসামিকে গ্রেপ্তার করায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে শুধু গ্রেপ্তার করলেই হবে না। দ্রুততম সময়ে এই নরপশুর সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।”
এমদাদুল হক বাদশা পরে হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ দুই সাংবাদিকের অবস্থারও খোঁজখবর নেন। এ সময় তিনি সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহসভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাছিম, নগর যুবদলের সহ-অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, নগর যুবদল নেতা জাবেদুল হক, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক সাদ্দাম, নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সালেহ নূর নাছিম, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মো. মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
