chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

থানচিতে শিশু নির্যাতন, কিশোর আটক

বান্দরবানের থানচিতে ত্রিপুরা সম্প্রদায়ের পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে বিজয় বড়ুয়া (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় উত্তেজিত জনতা থানা ঘেরাও করলে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) দুপুরে থানচি উপজেলার সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত বিজয় বড়ুয়া একই এলাকার বাসিন্দা এবং পেশায় সবজি বিক্রেতা। সে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

পরিবার সূত্রে জানা যায়, রাতে ঘুমানোর সময় শিশুটি অসুস্থতা ও শারীরিক অস্বস্তির কারনে কান্নাকাটি করে এবং পরিবারের কাছে ঘটনাটি খুলে বলে। এরপর শিশুটির মা-বাবা অভিযুক্ত বিজয়ের কাছে এই বিষয়ে জানতে চাইলে সে কোনো সদুত্তর দিতে পারেনি। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় পাড়াবাসী অভিযুক্ত বিজয় বড়ুয়াকে আটকে করে থানচি থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এদিকে শিশু ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে রোববার সকাল থেকে উত্তেজিত জনতা থানচি থানা ঘেরাও করে বিক্ষোভ ও হট্টগোল শুরু করে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়া হলে উত্তেজিত জনতা থানার সামনে থেকে সরে যায়।

থানচি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অংপ্রু ম্রো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “শনিবার দুপুরে নতুন পাড়া এলাকায় ৫ বছরের এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে পাড়াবাসী আটকে করে থানায় সোপর্দ করেছে। উত্তেজিত জনতা থানা ঘেরাও করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছিল।”

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, “ত্রিপুরা সম্প্রদায়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে থানা এলাকায় কিছুটা হট্টগোল করলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।”

ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর