chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জামায়াত-আ’লীগের ভোট বর্জন

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে সব পদে বিএনপিপন্থীদের জয়

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব কটি পদে জয়লাভ করেছেন বিএনপিপন্থী আইনজীবী ঐক্য ফোরামের প্রার্থীরা। নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা বাধার মুখে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে নির্বাচন বর্জন করে।

সমিতির সভাপতি পদে আইনজীবী ঐক্য পরিষদের তারিক আহমদ এবং সাধারণ সম্পাদক পদে মো. মঈনুদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন সিনিয়র সহসভাপতি সেলিমা খানম, সহসাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক মো. সরোয়ার হোসাইন লাভলু এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. লোকমান শাহ। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন কমিশন তাদের বিজয়ী ঘোষণা করে। সম্পাদকীয় ১০টি পদের মধ্যে ৯ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সহসভাপতি পদে ভোট গ্রহণ হয়, যেখানে আইনজীবী ঐক্য ফোরামের নিলুফার ইয়াসমিন লাভলী ১ হাজার ৭৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

এদিকে একতরফা নির্বাচনের অভিযোগ এনে আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবীরা আদালতপাড়ায় বিক্ষোভ করেছেন।

ফরিদা/চথ

এই বিভাগের আরও খবর