প্রয়োজনে মাঠে ছিল সেনাবাহিনী, এখন ফিরছে ব্যারাকে: সেনাপ্রধান
দেশের প্রয়োজনে দীর্ঘ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, “২০২৪ সালের ক্রান্তিকালে দেশের প্রয়োজনেই সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে।” তিনি আরও বলেন, সেই কঠিন সময়ে সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
ফায়ারিং প্রতিযোগিতায় অংশ নেওয়া সেনা সদস্যদের প্রশংসা করে ওয়াকার-উজ-জামান বলেন, টানা ১৮ মাস মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও সেনারা যে দক্ষতা ও নৈপুণ্যের পরিচয় দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান।
জানা গেছে, গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও), কমান্ড্যান্ট বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি, জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার, জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
মুন্নি/চখ
