সীতাকুণ্ডে রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড মুছা কলোনি এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি-র ইনচার্জ এসআই দীপক দেওয়ান জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালে কোনো একসময় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। শরীরে বড় ধরনের কোনো ক্ষতচিহ্ন না থাকলেও নাক ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্নি/চখ
