চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে ভোট দিচ্ছেন শুধু বিএনপিপন্থি আইনজীবীরা
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় ভোটে অংশ নিচ্ছেন না জামায়াতপন্থি আইনজীবীরা। ফলে ভোটকেন্দ্রে মূলত বিএনপিপন্থি আইনজীবীদের উপস্থিতিই দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় সমিতি ভবনের অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এবারের নির্বাচনে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা অংশ নিলেও জামায়াতে ইসলামীপন্থি আইনজীবীদের সংগঠন ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ’ নির্বাচন বর্জন করেছে।
দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালত ভবন এলাকার সোনালী ব্যাংক চত্বরে নির্বাচন বর্জনের প্রতিবাদে সমাবেশ করেন ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের সমর্থকরা। এর আগে সকালে একই এলাকায় অবস্থান নেন বিএনপিপন্থি আইনজীবীরা।
মুখ্য নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট রৌশন আরা বেগম বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রধান সমন্বয়ক শামসুল আলম বলেন, তারা নির্বাচন বর্জন করেছেন এবং তাদের সমর্থক ভোটাররাও ভোট দিচ্ছেন না। একতরফা নির্বাচনের অভিযোগ তুলে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
এর আগে নির্বাচন কমিশন বাতিল ও নতুন তফসিল ঘোষণার দাবিতে জামায়াতপন্থি আইনজীবীরা আবেদন করলেও তা নাকচ হয়। পরে বিদায়ী কমিটি থেকে জামায়াত সমর্থিত সাত আইনজীবী পদত্যাগ করেন এবং তাদের ১২ প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।
এদিকে আওয়ামী লীগপন্থি আইনজীবীরাও একতরফা নির্বাচনের অভিযোগ তুলে বুধবার আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন।
এবার সমিতির ২১টি পদের মধ্যে ৯টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না। বাকি ১২টি পদে দু’জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার প্রায় পাঁচ হাজার।
মুন্নি/চখ
