chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্পেনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন কোটি ইউরো

স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে বড় জয় পেয়েছেন কলম্বিয়ান পপতারকা Shakira। দেশটির জাতীয় উচ্চ আদালত তার ওপর আরোপিত ৫৫ মিলিয়ন ইউরোর জরিমানা অবৈধ ঘোষণা করে সেই অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।

 

আদালতের রায়ে বলা হয়েছে, ২০১১ সালে শাকিরা স্পেনে করদাতা হিসেবে গণ্য হওয়ার মতো সময় অবস্থান করেননি। স্পেনের আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে কর-বাসিন্দা হিসেবে বিবেচনা করতে বছরে অন্তত ১৮৩ দিন দেশটিতে থাকতে হয়। কিন্তু আদালতের হিসাব অনুযায়ী, ওই বছরে শাকিরা স্পেনে ছিলেন ১৬৩ দিন।

 

শাকিরার আইনজীবীরা আদালতে যুক্তি দেন, সে সময় তিনি বিশ্ব সফরে ব্যস্ত ছিলেন এবং ৩৭টি দেশে প্রায় ১২০টি কনসার্টে অংশ নিয়েছিলেন। ফলে বছরের অর্ধেকের বেশি সময় স্পেনে থাকা তার পক্ষে সম্ভব ছিল না।

 

রায়ের পর প্রতিক্রিয়ায় শাকিরা বলেন, দীর্ঘ আট বছর তাকে জনসমালোচনা, মানসিক চাপ ও সুনামহানির মধ্য দিয়ে যেতে হয়েছে। এসব পরিস্থিতি তার পরিবার ও ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছে। আদালতের এই সিদ্ধান্তে অবশেষে সত্য প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

আদালত শুধু জরিমানার অর্থই নয়, এর ওপর প্রযোজ্য সুদও শাকিরাকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে স্পেনের কর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সর্বোচ্চ আদালতে আপিল করবে। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কোনো অর্থ পরিশোধ করা হবে না।

 

উল্লেখ্য, ২০১০ সালে স্প্যানিশ ফুটবলার Gerard Piqué–এর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর দীর্ঘ সময় স্পেনে বসবাস করেন শাকিরা। যদিও ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। এর আগে ২০২৩ সালে কর ফাঁকির আরেক মামলায় সমঝোতার মাধ্যমে জরিমানা দিতে সম্মত হয়েছিলেন এই সংগীতশিল্পী।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর