সমুদ্রবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
চট্টগ্রামে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় মঙ্গলবার সন্ধ্যার মধ্যে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। ফলে কর্ণফুলী নদী ও উপকূলীয় এলাকায় চলাচলকারী ছোট নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
চট্টগ্রামে সকাল থেকেই ভ্যাপসা গরমের মধ্যে আকাশে মেঘের আনাগোনা দেখা গেছে। দুপুরের পর নগরীর বিভিন্ন এলাকায় হালকা বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়। আবহাওয়াবিদরা বলছেন, দিনের তাপমাত্রা ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া আর্দ্রতার প্রভাবে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা এবং প্রয়োজন ছাড়া সমুদ্রে না যেতে পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
মুন্নি/চখ
