chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অনুমোদন ছাড়াই প্রসাধনী তৈরি, জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া কসমেটিকস উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের আলুরঘাট রোডে অবস্থিত জিসান সুপার মার্কেটে মেসার্স বিএম হারবাল এন্ড কসমেটিকস কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করে।

অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ‘নিউ নিম পাতা হেয়ার রিমুভাল ক্রিম’ ও ‘ওয়েট লুক হেয়ার জেল’ উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন। যদিও টিউব মেহেদীর জন্য বিসিকের অনুমোদন থাকলেও অন্যান্য কসমেটিকস পণ্যের কোনো বৈধ অনুমোদন ছিল না।

অভিযান চলাকালে কারখানার মালিককে পাওয়া না গেলেও তার কর্মচারী জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানা থেকে খালি লেবেল ও টিউব মেহেদীর লেবেল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় এ জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, “লাইসেন্স ও অনুমোদন ছাড়া কোনো পণ্য উৎপাদন বা বিক্রি করা যাবে না”—এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী, এএসআই মনছুর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর