কেবল টোনার নয়, ঘরোয়া নানা কাজে গোলাপজল ব্যবহারের ৫ উপায়
রূপচর্চায় গোলাপজলের ব্যবহার নতুন কিছু নয়। বিশেষ করে টোনার হিসেবে এটি অনেকেরই দৈনন্দিন সৌন্দর্যচর্চার অংশ। তবে শুধু ত্বকের যত্নেই নয়, ঘরোয়া নানা কাজেও গোলাপজল হতে পারে দারুণ কার্যকর। ত্বককে সতেজ রাখা থেকে শুরু করে ভালো ঘুম কিংবা খাবারের স্বাদ ও সুবাস বাড়াতেও এর রয়েছে ভিন্নধর্মী ব্যবহার।
প্রাকৃতিক উপাদানে তৈরি গোলাপজলে রয়েছে ত্বককে আর্দ্র রাখার ক্ষমতা। পাশাপাশি এটি প্রদাহ কমাতে এবং ক্লান্তি দূর করতেও সহায়ক বলে মনে করা হয়। জেনে নিন, রূপচর্চার বাইরেও কীভাবে কাজে লাগতে পারে গোলাপজল।
ত্বকের ক্লান্তি দূর করতে
প্রচণ্ড গরম বা রোদে বাইরে থাকলে ত্বকে ক্লান্তির ছাপ পড়ে। ছোট একটি স্প্রে বোতলে গোলাপজল ভরে মুখে স্প্রে করলে মিলতে পারে তাৎক্ষণিক প্রশান্তি। এটি ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং শুষ্কতা কমিয়ে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারে।
মেকআপকে স্বাভাবিক রাখতে
অনেক সময় দীর্ঘক্ষণ মেকআপ থাকলে ত্বক শুষ্ক দেখায়। এ অবস্থায় হালকা গোলাপজল স্প্রে করলে মেকআপ আরও সতেজ ও প্রাকৃতিক দেখাতে পারে। অনেকেই মেকআপ সেটিং স্প্রে হিসেবেও গোলাপজল ব্যবহার করেন।
চুলের যত্নে
রুক্ষ ও প্রাণহীন চুলে গোলাপজল ব্যবহার করলে কিছুটা কোমলতা ফিরতে পারে। এটি মাথার ত্বককে আরাম দেয় এবং চুলে সতেজ ভাব আনে। কেউ শ্যাম্পুর আগে স্ক্যাল্পে ব্যবহার করেন, আবার কেউ শ্যাম্পুর পর লিভ-ইন সিরামের মতো ব্যবহার করেন।

ভালো ঘুমের জন্য
গোলাপের হালকা সুগন্ধ মনকে শান্ত করতে সহায়ক বলে মনে করা হয়। অনেকেই ঘুমানোর আগে বালিশে সামান্য গোলাপজল স্প্রে করেন। এতে ঘরে সতেজ পরিবেশ তৈরি হয় এবং ঘুম আসতেও স্বস্তি অনুভূত হতে পারে। বাজারের কৃত্রিম রুম ফ্রেশনারের বদলে এটি হতে পারে প্রাকৃতিক বিকল্প।
খাবারের স্বাদ ও সুবাস বাড়াতে
শুধু সৌন্দর্যচর্চা নয়, রান্নাতেও গোলাপজলের ব্যবহার জনপ্রিয়। শরবত, ফিরনি, পায়েস কিংবা বিভিন্ন মিষ্টান্নে কয়েক ফোঁটা গোলাপজল আলাদা সুগন্ধ এনে দেয়। তবে খাবারে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই খাওয়ার উপযোগী ও কৃত্রিম রং-মুক্ত গোলাপজল ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
মুন্নি/চখ
