chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সুন্দরবনে অস্ত্রসহ ২ দস্যু আটক, ৪ জেলে উদ্ধার

সুন্দরবনের কুখ্যাত করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ ২ জন দস্যুকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড। একই অভিযানে তাদের জিম্মি থাকা ৪ জন জেলেকেও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এর আওতায় এ পর্যন্ত মোট ১১ জন বনদস্যু আটক হলো।

রোববার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদরদপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার (১৭ মে) ভোর ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। এ সময় ১টি বিদেশি একনলা বন্দুক, ২টি দেশীয় একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক দুই দস্যু হলেন—করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রাজন শরীফ (২০), বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলার বাসিন্দা এবং মো. রবিউল শেখ (৩০), রামপাল উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, আটকরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। এর মধ্যে রাজন শরীফের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে।

উল্লেখ্য, সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যু নির্মূলের লক্ষ্যে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” চলমান রয়েছে। এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ সফলতা অর্জিত হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর