chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইবোলা প্রাদুর্ভাবে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচও’র

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে ছড়িয়ে পড়া বিরল ধরনের ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভাইরাসটিতে ইতোমধ্যে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, জেনেভাভিত্তিক ডব্লিউএইচও এক বিবৃতিতে জানিয়েছে, কঙ্গো ও প্রতিবেশী উগান্ডায় শনাক্ত হওয়া বুন্দিবুগিও প্রজাতির ইবোলা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এ কারণে এটিকে ‘পাবলিক হেলথ ইমার্জেন্সি অব ইন্টারন্যাশনাল কনসার্ন’ (পিএইচইআইসি) হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে সংস্থাটি স্পষ্ট করেছে, বর্তমান পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারী ঘোষণার পর্যায়ে পৌঁছায়নি। সংক্রমণের বিস্তার ও ঝুঁকি বিবেচনায় আন্তর্জাতিক জরুরি অবস্থা জারি করা হলেও মহামারীজনিত জরুরি অবস্থার মানদণ্ড এখনো পূরণ হয়নি বলে জানিয়েছে ডব্লিউএইচও।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইবোলা অত্যন্ত প্রাণঘাতী একটি ভাইরাসজনিত রোগ। দ্রুত শনাক্তকরণ, আক্রান্তদের বিচ্ছিন্ন রাখা এবং সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর