চট্টগ্রামে পৃথক অভিযানে জাল নোটসহ তিনজন গ্রেপ্তার
চট্টগ্রাম নগরী ও জেলার পৃথক দুটি অভিযানে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গত শুক্রবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি চালানো হয় নগরের পাঁচলাইশ থানার হানজারবাগ এলাকার জিলানী গলির পাশে শুক্কুর মোটরসের সামনে। শুক্রবার দুপুর সাড়ে ১টার দিকে র্যাবের একটি দল সেখানে পৌঁছালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আছান উল্লাহ ওরফে হাসান (৩৫)। তাঁর বাড়ি ভেদরগঞ্জ উপজেলায়। র্যাবের দাবি, তাঁর হাতে থাকা একটি সাদা শপিং ব্যাগ থেকে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
একই দিন রাত সাড়ে ১০টার দিকে দ্বিতীয় অভিযান চালানো হয় হাটহাজারী উপজেলার আলীপুর আব্বাসিয়াপুর এলাকায় মোস্তফা হোটেলের সামনে। সেখানে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন জাহিদুল ইসলাম ওরফে আসিফ (২১) ও হাসানুর রাহি (১৯)। তাঁদের বাড়ি পশুরাম উপজেলায়। র্যাব জানায়, আসিফের প্যান্টের পকেট থেকে ৪০০ টাকা এবং হাসানুর রাহির পকেট থেকে ৪৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুন্নি/চখ
